|
newsNet:: menu
|
|
বিশ্ব ও বাণিজ্য |
|
|
ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর মন্তব্যে ক্ষুব্ধ পাকিস্তান |
| |
৩০ জুলাই ২০১০ (নিউজনেট)- ভারত সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সন্ত্রাস প্রসঙ্গে পাকিস্তানকে জড়িয়ে যে মন্তব্য করেছেন তার প্রতি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ইসলামাবাদ। পাকিস্তান বলেছে, সন্ত্রাস কেবল তার নিজস্ব সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। পাকিস্তান বরং বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে সন্ত্রাস প্রসঙ্গে ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানাতে। বুধবার ভারতের ব্যাঙ্গালোরে পৌঁছে ডেভিড ক্যামেরন বলেছিলেন, পাকিস্তানের এমন জঙ্গি গ্রুপগুলোর সাথে সম্পর্ক রাখা উচিত নয় যারা ভারতসহ গোটা বিশ্বে সন্ত্রাস ‘রপ্তানি’ করছে। জঙ্গিদের সহায়তায় সারা বিশ্বে সন্ত্রাস না ছড়ানোর জন্য তিনি কঠোর ভাষায় পাকিস্তানকে সতর্ক করেন। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাস নির্মূলে পাকিস্তান অন্য যেকোনো দেশের চেয়ে বেশি কাজ করছে। আমাদের জনগণ এবং নিরাপত্তা বাহিনী অনেক আত্মত্যাগ করছে সন্ত্রাসীদের নির্মূল করার জন্য। পাকিস্তান আশা করবে আমাদের বন্ধু রাষ্ট্রগুলো ভারতকে বিষয়টি বুঝানোর চেষ্টা করবে।’ ব্রিটেনকে পাকিস্তানের অন্যতম মিত্র হিসাবে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল বাসিত আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি সন্ত্রাসীদের ধর্ম নেই, মানবতা নেই, তাদের জাতিগত কিংবা ভৌগোলিক পরিচয় নেই’। তাই এককভাবে পাকিস্তানকে দোষারোপ করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলে তিনি উল্লেখ করেন। এদিকে, গতকাল রাতে ডেভিড ক্যামেরন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের ফলাফল তাৎক্ষণিকভাবে মিডিয়াকে জানানো হয়নি। তবে দ্বি-পাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধিই প্রধান আলোচ্য হবে বলে বৈঠকের আগে কূটনৈতিক সূত্র জানিয়েছিল। |
|
| |
|
| |
|