|
হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন গুরুত্বপূর্ণ স্থানে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ আদেশ দেয়।
এর আগে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) শুক্র ও শনিবার এবং সরকারি ছুটির দিনগুলোতে ব্যাংকগুলো খোলা রাখার অনুরোধ জানান। অনুরোধে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংক, বিমা ও শেয়ারবাজার খোলা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এছাড়া সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমসসহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও খোলার রাখার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
টানা হরতাল ও রাজনৈতিক অস্থিরতায় দেশের আমদানি-রপ্তানি ও সার্বিক অর্থনৈতিক কর্মকান্ডকে সচল রাখতে এবং বিগত হরতালের ফলে বিপর্যস্ত ব্যবসা-বাণিজ্যের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে এসব প্রতিষ্ঠান খোলা রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।
গত কয়েক সপ্তাহ ধরে দেশে বিভিন্ন ইস্যুতে ঘনঘন হরতাল দিয়েছে জামায়াত-বিএনপি। এ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি।
|