|
সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাতের সব স্থাপনা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বা কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) ঘোষণার উদ্যোগ নিচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এই সুপারিশ করা হয়েছে।
গতকাল বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ওই সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জানতে চাইলে প্রতিমন্ত্রী এনামুল হক প্রথম আলোকে বলেন, অনেক বিদ্যুৎকেন্দ্রসহ গত চার বছরে এই খাতে নতুন অনেক স্থাপনা তৈরি হয়েছে। সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কেপিআই ঘোষণা করা দরকার।
কেপিআই ঘোষণার পাশাপাশি এসব স্থাপনায় সেনাবাহিনী মোতায়েন করা হতে পারে বলেও জানা গেছে। ১০টি বিদ্যুৎকেন্দ্রসহ বিদ্যমান অনেক স্থাপনায় সেনাবাহিনী মোতায়েন আছে বলে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান আবদুল ওয়াহাব খান। বিদ্যমান কেপিআইগুলোর নিরাপত্তাব্যবস্থা প্রয়োজনে বাড়ানো ও নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব ব্যাংক ও অর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর জন্য কেন্দ্রীয় ব্যাংক চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে। গতকাল অর্থ মন্ত্রণালয় ওই চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
|