|
আগামী শুক্র ও শনিবার দেশের স্থলবন্দরগুলোর কার্যক্রম সচল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম চেম্বারের নেতারা। হরতাল ও সরকারি ছুটির কারণে এক সপ্তাহ ধরে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রমে ব্যাঘাত ঘটায় এই আহ্বান জানানো হয়।
বুধবার এক বিবৃতিতে এ আহ্বান জানান চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ, জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম এবং সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম।
বিবৃতিতে তাঁরা বলেন, হরতালের কারণে বেনাপোলসহ দেশের সব স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় শিল্পের আমদানি করা কাঁচামালের অভাবে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত, বিনিয়োগ হ্রাস, ব্যবসা-বাণিজ্যে মন্থরতা এবং পণ্য সরবরাহ ব্যবস্থাও বাধাগ্রস্ত হয়েছে। এর খেসারত ভোক্তাকেই বহন করতে হচ্ছে।
|