দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) আয়োজিত ব্যবসায়িক সমস্যার সমাধানবিষয়ক প্রতিযোগিতার প্রথম পর্বের নিবন্ধন গতকাল বুধবার শুরু হয়েছে, যা চলবে ১৩ মার্চ পর্যন্ত।
রাজধানীর রূপসী বাংলা হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। এতে উপস্থিত ছিলেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যান্ড্রু টিল্ক, করপোরেট সাসটেইনেবিলিটি ম্যানেজার আবদুলাহ আল জুবায়ের, যোগাযোগ বিভাগের প্রধান তালুকদার নোমান আনোয়ার।
এইচএসবিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে ব্যবসায় বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা চারজনের দল ভিত্তিতে ‘এইচএসবিসি বিজনেস কেইস কম্পিটিশন’ শীর্ষক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে তাঁদের নানা ধরনের ব্যবসায়িক সমস্যার (কেইস) বাস্তবসম্মত সমাধান তুলে ধরতে হবে। প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.hsbc.com.bd এই ওয়েবসাইটে।
বাংলাদেশের সেরা তিনটি দল ট্রফিসহ নগদ পুরস্কার পাবে। এর মধ্যে চ্যাম্পিয়ন দলটি হংকংয়ে আঞ্চলিক ফাইনালে বা চূড়ান্ত পর্যায়ে এশিয়ার বিভিন্ন দেশের বিজয়ী দলের মুখোমুখি হবে। এসব দেশের মধ্যে রয়েছে হংকং, অস্ট্রেলিয়া, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, ম্যাকাউ, চীন, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, তাইওয়ান ও থাইল্যান্ড।
|