রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্যের পদ থেকে সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সময় সহ-উপাচার্য মর্ত্তুজা আলীকে সাময়িকভাবে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ আদেশ-সংক্রান্ত একটি বার্তা দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ে পৌঁছায়।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বৃত্তি) মোহাম্মদ মাঈনউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় বলা হয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন-২০০৩-এর ১০ (২) নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য জিল্লুর রহমান বর্তমান উপাচার্য সিরাজুল করিম চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন। পরবর্তী উপাচার্য দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মর্ত্তুজা আলীকে সাময়িক দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবুল বাশার আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এক শিক্ষার্থীর ফলাফল জালিয়াতি ও নানা অনিয়মের অভিযোগে সরকার-সমর্থক শিক্ষকদের একটি অংশ এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে গত কয়েক মাস আন্দোলন করছিলেন।
|