বাংলাদেশ ও থাইল্যান্ডের বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে রাজধানীর সোনারগাঁও হোটেলে শুরু হচ্ছে থাইল্যান্ডের পণ্য প্রদর্শনী ২০১৩। ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রোমোশন, মিনিস্ট্রি অব কমার্স, রয়্যাল থাই গভার্নমেন্টের উদ্যোগে আগামী ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে এই পণ্য প্রদর্শনী। আগামীকাল সকাল সাড়ে ১০টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী দিলিপ বড়ুয়া। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এবারের মেলায় মোট ৪৭টি উৎপাদনকারী এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানের ১০ ধরনের পণ্য প্রদর্শিত হবে, যার মধ্যে রয়েছে গাড়ির যন্ত্রাংশ, নির্মাণ সামগ্রী, মেশিনারি, ইলেকট্রিক সামগ্রী, জুয়েলারি, খাদ্য, কোমল পানীয়, গার্মেন্টস ও ফ্যাশন সামগ্রী, উপহার, সাজসজ্জা সামগ্রী, স্বাস্থ্য ও প্রসাধন সামগ্রী, হাসপাতাল, গৃহস্থালি, রান্নাঘরের সামগ্রী, চামড়াজাত পণ্য ও জুতা। এই প্রদর্শনী ৭ মার্চ ব্যবসায়ীদের জন্য এবং ৮ থেকে ৯ মার্চ সর্বসাধারণের জন্য সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
রাজকীয় থাই দুতাবাসের সম্মানিত রাষ্ট্রদূত মাধুরাপোচানা ইত্তারং, উসা উইজুরান (বাণিজ্যিক উপদেষ্টা) রাজকীয় থাই দূতাবাস ঢাকা এবং চারোয়েনচাই লাকসাকর্ন, জেনারেল ম্যনেজার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল (পিসিএল) অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
|