মাগুরায় আর্থিক লাভজনক হওয়ায় গত বছরের তুলনায় এ বছর লক্ষ্যমাত্রার তুলনায় বেশি জমিতে তুলা চাষ করেছে জেলার কৃষকরা । চলতি মৌসুমে জেলায় ৫০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। আবহাওয়া তুলা চাষের জন্য উপযোগী হওয়ায় জেলায় এ বছর তুলার ফলন ভালো পাওয়া যাবে বলে জানিয়েছেন জেলা তুলা উন্নয়ন বোর্ড। চলতি মৌসুমে জেলায় ৮০০ টন তুলা উৎপাদন হবে বলে আশা করছেন তারা। গত বছর জেলায় ৪০০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছিল। এ বছর ১০০ হেক্টর বেশি জমিতে তুলা চাষ হয়েছে।গত বছর তুলা চাষ করে আর্থিক ভাবে লাভবান হওয়ায় এ বছর তারা অধিক জমিতে তুলা চাষ করেছে বলে জেলা তুলা উন্নয়ন অফিস সূত্রে জানা গেছে ।
বীজ থেকে শুরু করে মাঠ থেকে কৃষকদের ঘরে তুলা উত্তোলন পর্যন্ত এ সহযোগিতা করছে জেলা তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। প্রতি মণ তুলা কৃষকদের কাছ থেকে ২৩০০ টাকা দরে ক্রয় করবে তুলা উন্নয়ন অফিস। জেলা তুলা উন্নয়ন বোর্ডর কর্মকর্তা আলমগীর হোসেন মৃধা জানান, তুলা উৎপাদনের জন্য কৃষকদের জমি তৈরি, বীজ রোপণ থেকে শুরু করে সব ধরনের সহযোগিতা অব্যাহত আছে। আবহাওয়া অনুকূল থাকলে মাগুরা থেকে তুলার ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছি।