 |
পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল প্যানেল অব এক্সপার্ট আগামী সপ্তাহেই বাংলাদেশে আসছে বলে জানান দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান গোলাম রহমান। ৩ সদস্যের এ দলটি দুদকের সঙ্গে যৌথভাবে দুর্নীতির অভিযোগ তদন্ত করবে। আর বিশ্বব্যাংকের শর্ত অনুযায়ী পদ্মা সেতু প্রকল্পে তথ্য আদান-প্রদানের চুক্তির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলে তিনি জানান। তারা আসলেই সরকারের সঙ্গে সমঝোতা স্মারক সই হবে।
দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধের সাড়ে ৩ মাস পর বাংলাদেশ সরকার সব শর্ত মেনে নিলে বৃহস্পতিবার আবার নতুন করে যুক্ত হয় বিশ্বব্যাংক। তবে বিশ্বব্যাংক বলেছে এ প্রকল্পে কোনো ধরনের দুর্নীতির ব্যাপারে ছাড় দেবে না।
চার শর্তের অন্যতম আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশেষজ্ঞ প্যানেলকে তদন্তের যাবতীয় বিষয়ে জানানোর ব্যাপারে সম্মত হওয়া। আর এ সম্মতির পরিপ্রেক্ষিত দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিশ্বব্যাংক মনোনীত ৩ সদস্য বিশিষ্ট একটি বিশেষজ্ঞ প্যানেল আগামী সপ্তাহে বাংলাদেশে আসছে। তারা দুদকের সঙ্গে যৌথভাবে অনুসন্ধান করবে।
শুক্রবার দুদক চেয়ারম্যান গোলাম রহমান জানান, বিশেষজ্ঞ প্যানেলটি দুদকের অনুসন্ধান কার্যক্রম পর্যালোচনাসহ দুদকের বর্তমান তদন্ত দলকে পরামর্শ ও নির্দেশনা দেবে।
ইতোমধ্যে পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির আকার বাড়িয়েছে দুদক। অনিয়মের অভিযোগ তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান তিনি।
দুদকের অনুসন্ধান কার্যক্রমের ওপর বিশ্বব্যাংকের আস্থা নেই—এ প্রসঙ্গে গোলাম রহমান বলেন, অভিযোগের সত্যতা অনুসন্ধানে বিশ্বব্যাংক বাংলাদেশে আসছে। দোষীদের বের করার জন্য তারা দুদককে সাহায্য করবে বলে জানান তিনি।
|