|
জাপানের সঙ্গে বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের কাছে চীন মঙ্গলবার ১১ টি জাহাজ পাঠিয়েছে। জাপানের দুই নাগরিক দ্বীপপুঞ্জ সংলগ্ন জলসীমায় গোসল করার দুই ঘন্টার মধ্যে ওই এলাকায় চীনা জাহাজ পাঠানোর এ খবর পাওয়া গেল।
জাপান কোস্টগার্ড জানায়, চীনের কোন নৌযান আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেনি। তবে সবকটি জাহাজ বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জের নিকটবর্তী আন্তর্জাতিক জলসীমায় ভিড়েছে।
কোস্টগার্ডের এক মুখপাত্র জানান, বিকেল সাড়ে চারটার দিকে চীনের ১০ টি উদ্ধারকারী জাহাজ সেনকাকু দ্বীপপুঞ্জের উতসুরিজিমা দ্বীপের অদূরে আন্তর্জাতিক জলসীমায় ভিড়েছে। এছাড়া বেলা ১২ টা ১৬ মিনিটে চীনের মাছ ধরার একটি নৌকা দ্বীপপুঞ্জের কাছাকাছি পুনঃপ্রবেশ করেছে বলে খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এই নৌকার অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি। এর আগে সকাল সাতটার দিকে উতসুরিজিমা দ্বীপের ৪২ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে এই নৌকার গতিবিধি নজরে এসেছিল।
এদিকে মঙ্গলবার উতসুরিজিমা দ্বীপে জাপানের দুই নাগরিক গোসল করেন বলে সরকারের এক শীর্ষ মুখপাত্র জানান।
জাপানের মূখ্য কেবিনেট সচিব ওসামু ফুজিমুরা বলেন, জাপানের দক্ষিণাঞ্চলের কেয়ুশু দ্বীপ থেকে দুই ব্যক্তি সকাল সাড়ে ৯ টার দিকে উতসুরিজিমা দ্বীপে যান এবং এর জলসীমায় গোসল করেন।
|