 |
সোনালী ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতা ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আর এ ঘটনায় জড়িতদের কাছ থেকে অর্থ আদায় ও তাদের শাস্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।
গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সোনালী ব্যাংকের আর্থিক কেলেঙ্কারির ঘটনায় প্রধনামন্ত্রী কঠোর পদক্ষেপ নিচ্ছেন। যে কোনো মূল্য পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সংগঠনের (আইডিইবি) আঞ্চলিক সম্মেলনে অংশ নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, দুর্নীতির প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছে সরকার। হলমার্কের ঋণ কেলঙ্কারির ঘটনায় সরকারকে দুর্নীতিবাজ বলায় বিরোধী দলের সমালোচনা করেন তিনি।
বুয়েটে অস্থিতিশীল পরিস্থিতির পেছনেও বিরোধী দলের উষ্কানি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।
|