 |
সকল সাধারন বীমা কোম্পানি এবং জীবন বীমা কর্পোরেশনকে আগামী ৩০ জানুয়ারির মধ্যে ২০১২ সালের ব্যবসার হিসাব বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নিকট জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার এ নির্দেশনা দিয়ে আইডিআরএ একটি প্রজ্ঞাপন জারি করেছে।
আইডিআরএ’র সদস্য ছাইদ আহমেদ খান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে বলা হয়, সকল জীবন বীমা কোম্পানিকে ৩১ ডিসেম্বরের মধ্যে ২০১২ সালের ব্যবসার হিসাব শেষ করতে হবে। এরপর ব্যবসার তথ্য আইডিআরএ নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করে ২০১৩ সালের ৩০ জানুয়ারির মধ্যে আইডিআরএ’র চেয়ারম্যানের নিকট জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কোন কোম্পানি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হলে বীমা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। বীমা আইন ২০১০-এর ৪৯ ধারার ক্ষমতাবলে এ নির্দেশ দেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপনে ব্যবসার হিসাব জমা দেয়ার জন্য আইডিআরএ ১৫টি বিষয়ের জন্য আলাদা আলাদা ছক নির্ধারণ করে দিয়েছে। এগুলো হলো- প্রথম বর্ষ ব্যবসা, কমিশন প্রদান, উন্নয়ন কর্মকর্তাদের বেতন/রিলিজ, প্রশাসনিক ও অন্য খরচ, নবায়ন প্রিমিয়াম, নবায়ন কমিশন, বিনিয়োগ, জীবন বীমা তহবিল, ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত ব্যাংক জমা, ব্যাংক ব্যালেন্স ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত, ক্যাশ ব্যালেন্স ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত, এজেন্ট ব্যালেন্স ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত, বকেয়া প্রিমিয়াম ব্যালেন্স (নবায়ন) এবং অন্য ব্যাখ্যা সংযুক্ত।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১ম বর্ষের ব্যবসার বিপরীতে ব্যাংক জমা আবশ্যই ২০১২ সালের মধ্যে হতে হবে। প্রতিবেদনে ২০১৩ সালের কোন ব্যাংক জমার হিসাব উল্লেখ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বীমা আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
|