|
বৈদেশিক ও স্থানীয় মুদ্রায় অভ্যন্তরীণ বিল ক্রয়ের ক্ষেত্রে যথাযথভাবে যাচাই-বাছাই করে বিল ক্রয়ের জন্যে বাংলাদেশ ব্যাংকের নিদের্শনা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে যে, নির্দেশনার পরেও প্রকৃত রপ্তানিকারক ও সরবরাহকারীগণ সমস্যায় পড়ছেন বলে বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে।
এরূপ বিল ক্রয়ের ক্ষেত্রে ব্যাংকসমূহ যাতে প্রকৃত রপ্তানিকারক ও সরবরাহকারীদেরকে অযথা বিলম্ব কিংবা হয়রানি না করে সে জন্যে ব্যাংকসমূহের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে প্রায় সব বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য অনুমোদিত ব্যাংক শাখায় আধুনিক তথ্যপ্রযুক্তি সুবিধা বিদ্যমান রয়েছে। এসব প্রযুক্তিগত সুবিধা (যেমন-ফ্যাক্স, ই-মেইল, সুইফ্ট ইত্যাদি) ব্যবহার করে ব্যাংকের শাখাসমূহ অতি দ্রুততার সাথে প্রধান কার্যালয়ের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণ করতে পারে।
এর ফলে প্রকৃত রপ্তানিকারক ও সরবরাহকারীদের সমস্যায় পড়ার কথা নয়। তা সত্ত্বেও ব্যাক-টু-ব্যাক ঋণপত্রের বিপরীতে রপ্তানিকারক ও সরবরাহকারীদের যাতে কোনরূপ বিলম্ব কিংবা হয়রানির শিকার হতে না হয় সে বিষয়টি বাংলাদেশ ব্যাংক তদারকি করছে।
তারপরেও কোন রপ্তানিকারক ও সরবরাহকারী কোন বিলম্ব বা সমস্যার সম্মুখীন হলে তা বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি এন্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট-এ স্থাপিত গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের ১৬২৩৬ হটলাইন টেলিফোন নম্বরে অথবা ই-মেইল, ফ্যাক্স বা লিখিতভাবে জানালে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
|