বাংলাদেশের গার্মেন্টসে বিনিয়োগে আগ্রহী চীনারা | newsnetbd.com
বাংলাদেশের গার্মেন্টসে বিনিয়োগে আগ্রহী চীনারা
সস্তা শ্রমিক আর উপযুক্ত পরিবেশের কারণে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছেন সফররত চীনা ব্যবসায়ীরা। পাশাপাশি চীনের অভ্যন্তরীণ বাজারেও শতকোটি ডলারের পোশাক রপ্তানি সম্ভব বলে মনে করেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বিজিএমইএ ভবনে রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা উঠে এসেছে।
তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষদেশ চীনে শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে ব্যবস্থা নিতে গিয়ে উৎপাদন খরচ বাড়ছে। এতে পোশাকের প্রতিযোগিতামূলক দাম ধরে রাখতে হিমশিম খাচ্ছেন উদ্যোক্তারা।
শ্রমিকের সহজলভ্যতার পাশাপাশি বিনিয়োগের বিধিনিষেধ শিথিল হওয়ায় ইউরোপ-আমেরিকা থেকে পাওয়া অর্ডারগুলো নিয়ে এখন বাংলাদেশে আসতে আগ্রহী চীনা উদ্যোক্তারা। এখান থেকে পোশাক তৈরি করে নিলে ১৫ শতাংশ খরচ কমে যায় প্রায়।
বাংলাদেশে বিনিয়োগে সাম্ভ্যাবতা যাচাইয়ে আসা চীনা প্রতিনিধিদল বিভিন্ন কারখানা পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে দীর্ঘ মেয়াদে তৈরি পোশাক খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন।
বাংলাদেশের জন্য ইউরোপ-আমেরিকার বিকল্প বাজার হিসেবে এরই মধ্যে শক্ত অবস্থানে রয়েছে চীন। ২০০৯-১০ অর্থবছরে চীনে তৈরি পোশাক রপ্তানি হয়েছে ১.৮৯ কোটি ডলার, ২০১০-১১ অর্থবছরে প্রায় ৫ গুণ বেড়ে হয়েছে ৫.২৮ কোটি ডলার। আর গত অর্থবছরে রপ্তানি হয়েছে ১০.৪৫ কোটি ডলার।
এর ধারাবাহিকতায় আগামী বছরগুলোতে চীনে তৈরি পোশাকের রপ্তানি ১০০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে বলে আশা ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত বাণিজ্যমন্ত্রী জিএম কাদের জানান, চীনের মতো বড় অর্থনীতির দেশে তৈরি পোশাক রপ্তানির এ সুযোগ কাজে লাগাতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে।