আজ থেকে ঈদের আগের দিন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে এবং ঈদে ঘরমুখো মানুষ তাদের গন্তব্যস্থলে ঠিকমত পৌঁছতে পারে তার জন্য ট্রাক ও কাভার্ডভ্যানের চলাচলের ওপর বিধি-নিষেধ আরোপ করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গত তিন দিনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভিন্ন স্থানে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হওয়ায় ঈদে ঘরমুখো মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
যোগাযোগ ও রেলমন্ত্রীর এপিএস আবু নাসের বলেন, এ দুর্ভোগ থেকে পরিত্রানের জন্য মন্ত্রী মহোদয় ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের সঙ্গে আলোচনা করে এ সকল যান চলাচল বন্ধের অনুরোধ জানালে তারা সম্মত হন। তবে রপ্তানীমুখী দ্রব্য, খাদ্য সামগ্রী, কাঁচামাল ও ঔষধ সামগ্রী এর আওতায় পরবে না।
এদিকে হাইওয়ে পুলিশ সুপার (পূর্বাঞ্চল) মো. রেজাউল করিম পিপিএম বলেন, গত কয়েকদিনে ট্রাক আর কাভার্ডভ্যানের দুর্ঘটনার ফলে মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মন্ত্রী মহোদয় ঈদে ঘরমুখো যাত্রীদের যাতে কোনো প্রকার ভোগান্তি না হয় সেজন্য যোগাযোগ মন্ত্রণালয়, ট্রাক আর কাভার্ডভ্যান মালিকদের ২ দিনের জন্য যান চলাচল বন্ধের অনুরোধ জানালে তারা তা মেনে নেন। তাছাড়া ঈদে মানুষের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এ পদক্ষেপ নেওয়া হয়।
উল্লেখ্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খানা-খন্দক ইতিমধ্যে মেরামত করা হলেও শুধুমাত্র বেপরোয়া ট্রাক ও কাভার্ডভ্যানের কারণে এ সড়কে প্রতিদিনই হতাহতের ঘটনা ছাড়াও ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে।
|