আরগন ডেনিমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) চাঁদা সংগ্রহ প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানির আবেদনের প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে এসইসি। নতুন চাঁদা গ্রহণের সময় পরবর্তীতে অবহিত করা হবে বলেও এসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসইসির ৪৪২তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে বুধবার এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, বাজার মন্দার ফলে আন্ডার সাবক্রাইব হতে পারে এবং তালিকাভুক্ত হওয়ার পরে শেয়ার দর ইস্যুমূল্যের নিচে নেমে যেতে পারে এমন আশঙ্কায় দুটি প্রতিষ্ঠান আইপিওর চাঁদা সংগ্রহের তারিখ স্থগিতের আবেদন জানায় এসইসিতে। এর ভিত্তিতে প্রতিষ্ঠান দু’টির আইপিও’র চাঁদা সংগ্রহের তারিখ স্থগিত করে নিয়ন্ত্রক সংস্থা। চাঁদা সংগ্রহের তারিখ স্থগিত করা কোম্পানি দু’টি হলো-এনভয় টেক্সটাইল মিলস লিমিটেড ও সামিট পূর্বাঞ্চল।
প্রাপ্ত তথ্য মতে, আরগন ডেনিমস লিমিটেডের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৩৪ টাকা প্রিমিয়ামসহ ৪৪ টাকা ইস্যুমূল্যে আইপিও অনুমোদন দেয় এসইসি। এ প্রক্রিয়ার মাধ্যমে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ১৩২ কোটি টাকা উত্তোলনে অনুমোদন পায় প্রতিষ্ঠানটি। যার মধ্যে ৩০ কোটি টাকা অভিহিত মূল্য এবং ১০২ কোটি টাকা প্রিমিয়াম। এ জন্য প্রতিষ্ঠানটির চাঁদা সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয় ৯ থেকে ১২ সেপ্টেম্বর।
|