ঢাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলোর উন্নয়নে নজর দেয়ার দাবি জানিয়েছে সামাজিক সংগঠন নাগরিক সংহতি। বৃহস্পতিবার তারা এই দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করেছে।
এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শরিফুজ্জামান শরীফ, কৃষিবিদ রফিকুল ইসলাম, অধ্যক্ষ লিয়াকত হোসেন ও বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন’র (বাপা) সদস্য ইফমা হোসেন।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকারের মধ্যে অন্যতম ছিল ২০১২ সালের মধ্যে সব শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা। কিন্তু শিক্ষা গ্রহণের হার বাড়লে ২০১২ সালেও সব শিশুকে শিক্ষার আওতায় আনা সম্ভব হয়নি।
প্রয়োজনের তুলনায় স্কুলের সংখ্যা কম, শিক্ষক ও আসবাবপত্র ও অবকাঠামোর অভাব রয়েছে। রাজধানীতে ২৯৬টি সরকারি প্রাইমারি স্কুল রয়েছে। অনগ্রসর, বঞ্চিত ও দরিদ্র পরিবারের সন্তানরা পড়াশোনা করে বলে এগুলো ‘গরিবের বিদ্যালয়’ হিসেবে পরিচিত হয়ে উঠেছে।
রাজধানীর স্বচ্ছল অভিভাবকদের অনীহা ও মানসিক সমস্যার পাশাপাশি মৌলিক কিছু সমস্যাকে এর জন্য দায়ি করে সংগঠনটি।
বিদ্যালয়গুলোর উন্নয়নে সমাবেশ থেকে আট দফা দাবি জানায় নাগরিক সংহতি। এগুলো হলো- প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে চাহিদা অনুযায়ি শিক্ষক নিয়োগ দেয়া, পর্যাপ্ত সংখ্যক আসবাবপত্র, শ্রেণী কক্ষ ও অবকাঠামো নির্মাণ করা, সব শিশুকে প্রাথমিক শিক্ষার আওতায় আনা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে কারযকর ভূমিকা রাখা, পড়ালোখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য সম্মত পরিবেশ নিশ্চিত করা, একই বিদ্যালয়ে একাধিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ করা, দুর্নীতি পরায়ন প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয় পরিচালনা পরিষদকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে।
|