|
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের মধ্যকার মতবিরোধ নিরসন হয়েছে। অর্থমন্ত্রীর আপত্তির পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার আবারও এনবিআরের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বদলির আদেশ পুনর্বিন্যাস করা হয়েছে।
চট্টগ্রামের আপিল কমিশনারেটের কমিশনার সৈয়দ মো. গোলাম কিবরিয়াকে তাঁর আগের কর্মস্থলে বহাল রাখা হয়েছে। এর আগে ২ আগস্ট তাঁকে চলতি দায়িত্বের পাশাপাশি হিসেবে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
ওই কমিশনারকে কোনো বাড়তি দায়িত্ব দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আপত্তি ছিল। এনবিআর চেয়ারম্যান নিজ ক্ষমতাবলে এই দায়িত্ব বণ্টন করেন। এতে অর্থমন্ত্রী ক্ষিপ্ত হন। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।
অর্থমন্ত্রীর ৫ আগস্ট লেখা এক চিঠিতে সাম্প্রতিককালে এনবিআরের নিজস্ব কিছু বদলি ও পদোন্নতির ঘটনায় এর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের ওপর ক্ষোভ প্রকাশ পেয়েছে। এনবিআর চেয়ারম্যান শিগগিরই বদলি হয়ে যাবেন বলে তিনি চিঠিতে জানান। আর এনবিআর চেয়ারম্যানকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া থেকেও বিরত থাকতে বলেন অর্থমন্ত্রী।
আরেক আদেশে চট্টগ্রাম বন্ড কমিশনারেটের কমিশনার জামাল হোসেনকে চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে। এর পাশাপাশি তাঁকে চট্টগ্রাম বন্ড কমিশনারেটের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।
এত দিন চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারের দায়িত্ব পালন করছিলেন ফিরোজ শাহ আলম। সম্প্রতি তাঁকে পদোন্নতি দিয়ে এনবিআরের সদস্য করা হয়।
|