জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তির আবেদন করার সুপারিশ করেছে প্রথম বর্ষে ভর্তি কমিটি। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির কাছে এ সুপারিশ করেছে প্রথম বর্ষে ভর্তি কমিটি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের ভোগান্তি দূর করতে টেলিটকের মাধ্যমে এসএমএস করে ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে প্রশাসন। এ ক্ষেত্রে আবেদনকারী এসএমএসের পর একটি ফিরতি এসএমএসের মাধ্যমে একটি পিন কোড পাবে এবং সেই পিন কোডের ভিত্তিতে পরীক্ষার সময় প্রবেশপত্র পাবে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার শিক্ষা-১ মোহাম্মদ আলী প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে জনকণ্ঠকে বলেন, এসএমএসের মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার রেজিস্ট্রেশন করার সুপারিশ করা হয়েছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির কাছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটি।
২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীনে ৩৪টি বিভাগ এবং দুটি ইনস্টিটিউটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
|