|
জাতিসংঘ পর্যবেক্ষকরা সিরিয়ার অবরুদ্ধ নগরী আলেপ্পো ছেড়ে গেছেন। সেখানে নিরাপত্তা পরিস্থিতির ক্রমেই অবনতি ঘটার কারণে তারা চলে যান। সোমবার জাতিসংঘ মুখপাত্র এ কথা জানান। জাতিসংঘের প্রায় ২০ জন নিরস্ত্র পর্যবেক্ষক রবিবার মিশনের দামেস্ক সদর দফতরে ফিরে গেছেন।
জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের (ইউএনএসএমআইএস) মুখপাত্র জোসেফিন গুয়েরারো এএফপিকে বলেন, ‘আলেপ্পোতে নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটার কারণে তারা সাময়িকভাবে স্থান পরিবর্তন করেছেন।’
সক্রিয় কর্মীরা জানান, শাসক বাশার আল-আসাদ সরকারের অনুগত বাহিনী গত কয়েকদিন ধরে আলেপ্পোর বিদ্রোহী নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় গোলাবর্ষণ বাড়িয়েছে। ফলে গত দুই সপ্তাহে আলেপ্পো নগরীতে কয়েক শ’ লোক নিহত হয়েছে। আলেপ্পো সিরিয়ার চারটি আঞ্চলিক ঘাঁটির অন্যতম। গত জুন মাস থেকে তাদের কার্যক্রম স্থগিত করা সত্ত্বেও সেখানে তাদের টিম রেখে দিয়েছিল। দেশটির দিইর আযযোর হিমস ও রিফ দামেস্কতে জাতিসংঘের দফতর রয়েছে। জাতিসংঘ গত মাস থেকে সিরিয়ায় তাদের পর্যবেক্ষকের সংখ্যা অর্ধেক কমিয়ে ১৫০ জন করেছে। সেখানে আগামী ২০ আগস্ট ইউএনএসএমআইএসের মেয়াদ শেষ হতে যাচ্ছে।
|