১৫ আগস্ট থেকেই কার্যত ঈদের ছুটি শুরু | newsnetbd.com
১৫ আগস্ট থেকেই কার্যত ঈদের ছুটি শুরু
চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরু হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উৎযাপন হয়ে থাকে। জ্যোর্তিবিজ্ঞানীদের হিসাব মতে এবার রোজার সংখ্যা হবে ৩০টা। তাদের হিসাব অনুযায়ী আগামী ১৯ আগস্ট সন্ধ্যায় আরবী শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে।
২০ আগস্ট শাওয়াল মাসের গণনা শুরু হবে। ওইদিনই পালিত হবে ঈদ-উল-ফিতর। ঈদ-উল-ফিতর উপলক্ষে এবার দেশ দীর্ঘ ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে। এছাড়া এ উপলক্ষে রাজধানীতে ঈদের জামাত আয়োজনের প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে গেছে।
বাংলাদেশ এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে, আগামী ১৭ আগস্ট শুক্রবার রাত ৯টা ৫৪ মিনিটে বর্তমান চাঁদের অমাবস্যা কলা পূর্ণ করে নতুন চাঁদের জন্ম হবে। এটি পরদিন ১৮ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ২ ডিগ্রী উপরে ২৭৩ ডিগ্রী দিগংশে অবস্থান করবে। দেশের আকাশে ১৫ মিনিট অবস্থান শেষে সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে অস্ত যাবে। এ সময় চাঁদের ১% অংশ আলোকিত থাকবে। এ সন্ধ্যায় দেশের আকাশ থেকে নতুন জন্ম নেয়া চাঁদের কোন অংশ দেখা যাবে না। এটি পরদিন ১৯ আগস্ট রবিবার সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে সূর্যাস্তের সময় দিগন্ত রেখা হতে ১১ ডিগ্রী ওপরে ২৬৪ ডিগ্রী দিগংশে অবস্থান করবে। প্রায় ৫৫ মিনিট দেশের আকাশে অবস্থান শেষে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে ২৬৯ ডিগ্রী দিগংশে অস্ত যাবে। এ সময় চাঁদের ৪% অংশ আলোকিত থাকবে। দেশের আকাশ মেঘমুক্ত ও পরিষ্কার থাকলে বেশ স্পষ্টভাবেই দেখা যাবে। এ সন্ধ্যায় আকাশে উদিত চাঁদের বয়স হবে ৪৪ ঘণ্টা ৩৪ মিনিট এবং সবচেয়ে ভালভাবে দেখা যাবে সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে।
ইসলামী নিয়ম অনুযায়ী আগামী ১৯ আগস্ট সন্ধ্যায় নতুন চাঁদ দেখা সাপেক্ষে ২০ আগস্ট সোমবার পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হবে। ওইদিন থেকেই আরবী ১৪৩৩ হিজরীর শাওয়াল মাসের গণনা শুরু হবে জানিয়েছে এ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি।
এদিকে ঈদ-উল-ফিতর উপলক্ষে টানা ৭ দিন ছুটির ফাঁদে পড়তে চলেছে দেশ। আগামী ১৫ আগস্ট থেকে সরকারী সব প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। ১৫ আগস্ট বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারী ছুটি। এদিকে ১৫ আগস্ট দিনগত রাতে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর। এ রাতেই মহাগ্রন্থ আল কোরান নাজিল হয়। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এ রাতের গুরুত্ব অনেক। সবাই পরকালে মুক্তি ও গোনাহ মাফের আশায় লাইলাতুল কদরে সারারাত ধরে ইবাদত বন্দেগী করে থাকেন। ১৬ তারিখ বৃহস্পতিবার লাইলতুল কদর উপলক্ষে সরকারী ছুটি রয়েছে। ১৭ আগস্ট শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ছুটি ও পবিত্র জুমাতুল বিদা। ১৮ আগস্ট শনিবার সাপ্তাহিক ছুটি হলেও এদিন থেকেই শুরু হচ্ছে ঈদের ছুটি। এবার রোজা ৩০টি হওয়ায় ঈদের ছুটি একদিন বেড়ে যাবে। ফলে আগামী ২১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত থাকবে ঈদের ছুটি। এরপর বুধ ও বৃহস্পতিবার অফিস আদালত খোলা থাকলেও এরপরেই আবার দু’দিন সাপ্তাহিক ছুটি। ফলে এ দুদিনে অফিস আদালতে উপস্থিতি কম থাকবে। ইতোমধ্যে অনেকেই ২২ ও ২৩ আগস্ট ছুটি নিয়ে রেখেছে। ঈদের দীর্ঘ ছুটি শেষে আগামী ২৬ আগস্ট রবিবার থেকে পুরোদমে সরকারী অফিস আদালত শুরু হবে।