ভারতের পল্লী উন্নয়নমন্ত্রী জয়রাম রমেশ দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেছেন। পল্লী উন্নয়নে তাৎপর্যপূর্ণ অগ্রগতির জন্য এই সাফল্য অর্জিত হয়েছে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
হোটেল সোনারগাঁওয়ে এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানকের সংগে বৈঠককালে ভারতের পল্লীউন্নয়ন মন্ত্রী এ কথা বলেন। রমেশ দারিদ্র্য হ্রাসে দু’দেশের মধ্যে পল্লী উন্নয়ন খাতে অভিজ্ঞতা বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।
পল্লী উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে নানক বলেন, বর্তমান সরকারের আন্তরিক ও কার্যকর প্রচেষ্টার ফলে পল্লী এলাকায় দারিদ্র্য হ্রাস সম্ভব হয়েছে।
তিনি দু’দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরানিত করতে বিশেষ করে কৃষিসহ অন্যান্য খাতে যৌথ গবেষণার আহ্বান জানান।
‘ভারত ও বাংলাদেশ উভয় দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করছে’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পল্লী উন্নয়নের বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করলে দু’দেশই উপকৃত হবে।
অন্যান্যের মধ্যে এলজিআরডি ও সমবায় মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।
|