বিশ টাকার নোট প্রচলনে দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ২০ টাকার নোট আগামী ৮ আগস্ট আনুষ্ঠানিক ভাবে বাজারে আসছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানিয়েছে, প্রচলিত ২০ টাকা ও ৫০০ টাকার নোটের আকৃতি ভিন্ন হলেও রং এ কিছুটা সাদৃশ্যের কারণে যে কোনরূপ বিভ্রান্তি নিরসনে ২০ টাকার নোটের রং এ কিছু পরিবর্তন করা হয়েছে। নোটের সামনে ও পেছনের দুই পার্শ্বে হলুদ এবং আল্পনার রং গাঢ় কমলা করে তা পুনঃমুদ্রণ করা হয়েছে ।
২০ টাকার নতুন নোট আগামী ০৮ আগস্ট হতে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখা হতে প্রচলনে দেওয়া হবে। পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিসসহ সকল তফসিলী ব্যাংকের কাউন্টারে পাওয়া যাবে। এর আগে প্রচলনে দেওয়া ২০ টাকার অন্যান্য নোটও যথারীতি চালু থাকবে ।
প্রসঙ্গত ১২৭ ও ৬০ মিলিমিটার বিশিষ্ট এই নোটের এক পিঠে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতি, অন্য পিঠে বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদের নকশা’ ব্যবহার করা হয়েছে।
|