|
'গুগল বুকস'-এর জন্য অনুমোদনহীন বই স্ক্যান করার দায়ে বইপ্রতি ৭৫০ ডলার জরিমানা গুনতে হবে গুগলকে। ইন্টারনেটে অনুমোদন ছাড়াই বিভিন্ন লেখকের বই প্রদর্শন, প্রচারণা ও স্ক্যান করার অপরাধে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেডারেল কোর্ট এ রায় দিয়েছেন। কপিরাইট আইন সুষ্ঠুভাবে না মানায় গুগলের বিরুদ্ধে গত মাসে একাধিক প্রকাশক মামলা করেছিলেন।
'গুগল বুকস'-এ এখন প্রায় দুই কোটি স্ক্যান করা বই আছে। এসব বইয়ের সবই অননুমোদিত নয়। তবে অনুমোদন নেওয়া হয়নি এমন বইয়ের সংখ্যা অনেক হওয়ায় বিপুল অঙ্কের জরিমানাই গুনতে হবে গুগলকে।
তবে গুগলের এক মুখপাত্র ইমেইলে বার্তায় জানান, ২০০৪ সালে 'গুগল বুকস' চালু হয়। এতে হার্ভার্ড, অক্সফোর্ড ও স্ট্যাটফোর্ডসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সঙ্গে চুক্তি সাপেক্ষে বই স্ক্যান করে প্রকাশ করা হয়। ফলে ইন্টারনেটে এসব বই পড়ার সুযোগ পান ব্যবহারকারীরা। গুগল বুকসের কার্যক্রম স্বচ্ছ নীতিমালার আওতায় পরিচালিত হয়। এর মাধ্যমে ব্যবহারকারীরা অনলাইনে তাদের পছন্দের বই খুঁজে পাওয়ার পাশাপাশি সেগুলো ভাড়া এবং কেনার সুযোগ পেয়ে থাকেন।
|