|
রাশিয়া এবং ব্রিটেন সিরিয়া নিয়ে তাদের মতপার্থ্যকের কথা স্বীকার করে বলেছে, দু'দেশই সিরিয়া সংকটের সমাধান চায়। লন্ডন অলিম্পিকের অবকাশে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সাক্ষাত করেন। পুতিন বলেন, সিরিয়া সংকট নিয়ে দু'দেশের মধ্যে মতপার্থক্য থাকলেও অনেক মিল খুঁজে পাওয়া যাবে এবং দু'দেশই এ সংকট নিরসনে সম্ভাব্য সমাধান বের করতে একযোগে কাজ করে যাবে।
সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে জাতিসংঘের ততপরতায় মস্কো বাধা দিচ্ছে বলে এর আগে অভিযোগ করেছিলেন ক্যামেরন। তবে পুতিনের সঙ্গে সাক্ষাতে তিনি বলেছেন, দু'দেশই সিরিয়া সংকটের সমাধান চায় এবং এজন্য কিভাবে এগিয়ে যাওয়া যায় তা নিয়ে রাশিয়া ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলাপ হবে।
লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেননি পুতিন। তবে জুডো প্রতিযোগিতা দেখার জন্য বর্তমানে তিনি লন্ডনে রয়েছেন। জুডোতে পুতিন ব্ল্যাকব্লেটধারী- এ কথা উল্লেখ করে ডেভিড ক্যামেরন রসিকতা করে বলেন, তার সৌভাগ্য যে, পুতিনের সঙ্গে তাকে জুডো প্রতিযোগিতায় নামতে হচ্ছে না। এর পরিবর্তে তিনি তাকে নিয়ে এ প্রতিযোগিতা দেখতে যাচ্ছেন।
|