বেনজির ভুট্টো হত্যা মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারি করতে ইসলাবাদের অনুরোধ প্রত্যাখান করেছে ইন্টারপোল। বুধবার পাকিস্তানভিত্তিক সংবাদ মাধ্যম ডন নিউজে এ তথ্য জানানো হয়েছে।
ইন্টারপোল জানায়, পাকিস্তানি কর্তৃপক্ষ এবং ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি তাদের কাছে এ বিষয়ে যে তথ্য-প্রমাণ পাঠিয়েছে তা একজন সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ওয়ারেন্ট জারির জন্য পর্যাপ্ত নয়।
ইন্টারপোল এ কথা জানানোর পর পাকিস্তান কর্তৃপক্ষ নতুন করে তথ্য-প্রমান সহযোগে মুশাররফের বিরুদ্ধে রেড ওয়ারেন্ট জারির অনুরোধ করে। নতুন করে পাঠানো তথ্য-প্রমাণ হিসেবে বেনজির ভুট্টো হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট, গোয়েন্দা সংস্থা আইএসআই ও কাউন্টার ইন্টেলিজেন্স উইংয়ের প্রধান জাভেদ ইকবাল চিমা এবং ইন্টেলিজেন্স ব্যুরোর সাবেক ডিরেক্টর ইজাজ শাহর বক্তব্য পাঠানো হয়েছে।
এছাড়া মৃত্যুর আগে বেনজিরকে পাঠানো আমেকান সাংবাদিক মার্ক সিগালের ই-মেইলের কপি ও দেশটির সন্ত্রাসবিরোধী আদালতের রায়ের কপিও পাঠিয়েছে।
উল্লেখ্য, ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডির এক নির্বাচনী সমাবেশ শেষে সভাস্থল ত্যাগ করার সময় গাড়িতে এক আত্মঘাতি হামলায় নিহত হন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো ।
|