|
ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশের দুটি বিদ্যুৎ প্রকল্পে ৩৮০ মিলিয়ন ডলার দিবে। আশুগঞ্জ বিদ্যুৎ প্রকল্পের জন্য ২শ’ মিলিয়ন ডলার ও ভোলা বিদ্যুৎ প্রকল্পের জন্য ১৮০ মিলিয়ন ডলার প্রদান করবে।
সম্প্রতি সৌদি আরবের রাজধানী জেদ্দায় অবস্থিত ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রধান কার্যালয়ে বাংলাদেশ সরকার ও আইডিবি’র মধ্যে পৃথক দুটি ঋণ সহায়তা চুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব ইকবাল মাহমুদ ও আইডিবি’র পক্ষে প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী চুক্তিতে স্বাক্ষর করেন।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সূত্র জানায়, উভয় বিদ্যুৎ প্রকল্পই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য অতি গুরুত্বপূর্ণ। প্রকল্প দুটির সফল সমাপ্তির পর স্বল্প খরচে অধিকহারে বিদ্যুৎ উৎপাদনে দেশের বিদ্যুৎ ব্যবস্থায় প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে দেশের লোডশেডিং দূর করার ক্ষেত্রে প্রভূত উন্নতি সাধন ও এর মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রসরতায় সহায়তা করা সম্ভব হবে।
|