|
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় চারটি স্বীকৃত কর্মপরিধি অভিযোজন, প্রশমন, অর্থায়ন এবং প্রযুক্তি স্থানান্তর এর ভিত্তিতে উন্নত এবং উন্নয়নশীল সকল দেশের অংশগ্রহণের মাধ্যমে কার্বন নির্গমন হ্রাসে একটি চুক্তিতে উপনীত হওয়ার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে বাংলাদেশকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে তিনি অভিযোজন এবং প্রশমন প্রকল্প সমূহে কার্যকর পদক্ষেপ গ্রহণে উন্নত দেশগুলোর কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ এবং উন্নয়নশীল দ্বীপরাষ্ট্র সমূহ যে বহুমুখী সমস্যার সম্মুখীন হচ্ছে তা উল্লেখ করে তিনি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বর্তমানে আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) ১৯তম মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেয়ার জন্য কম্বোডিয়ায় রয়েছেন।
আসিয়ানভুক্ত সকল দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ এবং চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, কানাডা, ভারত এবং পাকিস্তানসহ এশিয়া প্রশান্ত মহাসাগরীয় দেশের পররাষ্ট্রমন্ত্রীগণ এই গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নিচ্ছেন।
ডা. দীপু মনি এআরএফ বৈঠকে যোগদানের পাশাপাশি চীন এবং মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন। বৈঠকে তিনি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় সমূহ এবং সাধারণ উদ্বেগের বিষয় সমূহ নিয়ে আলোচনা করেন।
তারা জনগণ এবং পণ্যদ্রব্যের নিরাপদ চলাচলের জন্য বাণিজ্য, ব্যবসায়, বিনিয়োগ এবং অবকাঠামোগত যোগাযোগ শক্তিশালী করার বিভিন্ন উপায় নিয়েও আলোচনা করেন। বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে সহায়তার চীনের প্রতিশ্র“তির কথা পুনর্ব্যক্ত করেন।
গত বছর ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মায়ানমারের প্রেসিডেন্টের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকের উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এবং মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা শরণার্থী সমস্যা সমাধানে এবং বাংলাদেশে মায়ানমারের নাগরিক সনাক্তকরণে স্বল্পতম সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসাইন, অতিরিক্ত সচিব জিষ্ণু রায় চৌধুরী, অতিরিক্ত সচিব (প্রধানমন্ত্রীর কার্যালয়) পবন চৌধুরী, মহাপরিচারক গোলাম সরোয়ার বৈঠককালে উপস্থিত ছিলেন।
|