নির্ধারিত হারের চেয়ে কম হারে প্রিমিয়াম নেওয়ায় মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ও দুই কর্মকর্তাকে জরিমানা করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সংস্থাটি গতকাল সোমবার এক শুনানি শেষে এ জরিমানা আরোপ করে কোম্পানি কর্তৃপক্ষকে গতকালই চিঠি পাঠিয়ে জানিয়ে দিয়েছে।
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানিকে পাঁচ লাখ টাকা, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তালুকদার মো. জাকারিয়া হোসেনকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ভিআইপি রোড শাখা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) এ মোমেন ভূঁইয়াকে ব্যক্তিগতভাবে এক লাখ টাকা জরিমানা করে তাঁকে ওই পদ থেকে বরখাস্ত করা হয়।
অন্যদিকে আইডিআরএ মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানির ভিআইপি রোড শাখা কার্যালয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়।
সংশোধনীর মাধ্যমে ২২৪টি কভারনোটের অনাদায়ী প্রিমিয়ামের সমুদয় অর্থ ভ্যাটসহ অর্থাৎ ৪৮ লাখ ১২ হাজার টাকা আদায় করে কোম্পানির ব্যাংক হিসাবে জমা করার জন্যও নির্দেশ দিয়েছে আইডিআরএ।
|