 |
রোহিঙ্গা ইস্যুতে কথা বললেন মিয়ানমারের বিরোধীদলীয় নেত্রী ও নোবেল পুরস্কার বিজয়ী আউং সান সুচি। প্যারিস সফরকালে তিনি রোহিঙ্গা ইস্যুটিকে একটি সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ সব সময় বলে আসছে যে, মিয়ানমার থেকে যেসব লোকজন তাদের দেশে যাচ্ছেন তারা মিয়ানমারের নাগরিক। আবার মিয়ানমার বলছে, বাংলাদেশ থেকে যেসব লোকজন মিয়ানমারে ঢুকছেন তারা মিয়ানমারের নাগরিক নন। ফলে এটি একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের মধ্যে কারা বৈধ নাগরিক আর কারা বৈধ নন তা নির্ধারণ করতে হবে। আর এ জন্য আইনের শাসন ও নাগরিকত্ব আইন জোরদার করতে হবে।
সুচি বলেন, আমি নিশ্চিত, নাগরিকত্ব আইন অনুযায়ী এসব রোহিঙ্গার মধ্যে অনেকেরই নাগরিকত্ব পাওয়ার অধিকার রয়েছে। তবে কারা সে অধিকার রাখেন তাদের খুঁজে বের করতে হবে।
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় ও বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন প্রদেশে বৌদ্ধ ধর্মাবলম্বী রাখাইনদের সঙ্গে মুসলিম রোহিঙ্গাদের হানাহানিতে সরকারী হিসাবে ৮০ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে। ইউরোপ সফরের সময় মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী সুচি এখন প্যারিস সফর করছেন।
এ সময় তিনি বলেন, রোহিঙ্গা সমস্যা নিরসনে নাগরিকত্বের বিষয়টি আরেকটি সমস্য হিসেবে রয়ে গেছে। আমাদের সুষ্ঠু ও শক্তিশালী নাগরিকত্ব আইন প্রণয়ন করা দরকার। আর এসব আইন আন্তর্জাতিক মানের হতে হবে।
|