পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জনপ্রিয়তায় মারাত্মক ধস নেমেছে। আর সাবেক ক্রিকেট-তারকা ও তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) নেতা ইমরান খান জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান পিউ রিসার্চ সম্প্রতি পাকিস্তানে একটি জনমত জরিপ চালায়। জরিপের ফলাফলে এ তথ্য বেরিয়ে এসেছে। বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশ করা হয়।
জরিপের ফলাফলে দেখা যায়, জারদারির প্রতি ১৪ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। গত বছর এ সমর্থন ছিল মাত্র ১১ শতাংশ। ২০০৮ সালে জারদারির প্রতি ৬৪ শতাংশ মানুষের সমর্থন ছিল। অর্থাত্ চার বছর পর তাঁর জনপ্রিয়তায় মারাত্মক ধস নেমেছে।
পিটিআইয়ের নেতা ইমরান খানের প্রতি ৭০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। গত বছর এ সমর্থন ছিল ৬৮ শতাংশ। আর ২০১০ সালে তাঁর প্রতি ৫২ শতাংশ মানুষের সমর্থন ছিল।
পাকিস্তানের সদ্য বিদায় নেওয়া প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির প্রতি ৩৬ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। ২০১০ সালে তাঁর প্রতি সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন ছিল।
সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ ভালো অবস্থানে রয়েছেন। তাঁর প্রতি প্রায় ৬০ শতাংশ মানুষের সমর্থন রয়েছে। ২০০৯ সালে তাঁর প্রতি ৭৯ শতাংশ মানুষের সমর্থন ছিল।
এ ছাড়া পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের প্রতি মানুষের সমর্থন খুবই কম।
|