|
উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনার সময়সীমা বাড়ানোর আবেদনে সাড়া দেয়নি বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)। গত বুধবার এসইসির পক্ষ থেকে শেয়ার কেনার সময়সীমার বাড়ানোর বিষয়ে স্পষ্টীকরণ ব্যাখ্যা দেয়া হয়। এর আগে শর্ত প্রত্যাহার এবং প্রত্যেক পরিচালককে (স্বতন্ত্র পরিচালক ব্যতীত) কর্তৃক পরিশোধিত মূলধনের ২ শতাংশ শেয়ার অর্জনের সময়সীমা ছয় বছর পর্যন্ত বাড়ানোর আবেদন করে এনসিসি ব্যাংকের পরিচালক নুরুল ইসলাম। কিন্তু এসইসি কোন ব্যাখ্যা না দেয়া এনসিসি ব্যাংকের উদ্যোক্তা পরিচালক মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিয়ে আদালতে রিট করেন।
বুধবার সংস্থাটির উপ-পরিচালক আবু রায়হান মোহাম্মদ মুতাসীম বিল্লাহ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, সময়সীমার শর্ত প্রত্যাহার ও শেয়ার অর্জনের সময়সীমা বাড়ানোর আবেদন কমিশন বিবেচনা করতে অপারগতা প্রকাশ করেছে। আদালতের আদেশ অনুযায়ী নির্ধারিত ৩০ দিনের আগেই এসইসি বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করল।
এর আগে নুরুল ইসলামের রিটের প্রেক্ষিতে আদালত এসইসিকে ৩০ দিনের মধ্যে সময় বাড়ানোর আবেদনে কেন সাড়া নয়, তার জবাব দিতে বলে। ২২ মে এনসিসি ব্যাংকের পরিচালক নুরুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফরিদ আহাম্মদ ও শেখ হাসান আরিফের বেঞ্চ এই রুল জারি করে। এই রিটের বিষয়ে উপ-এ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু সাংবাদিকদের জানান, রিটকারী আদালতে বলেছেন, তিনি গত ১৪ এপ্রিল এসইসির কাছে শেয়ার কেনার জন্য সময় ছয় মাসের বদলে ছয় বছর দিতে আবেদন করেন। কিন্তু এসইসি ওই আবেদনে হ্যাঁ বা না কোন উত্তরই দেয়নি। আদালত রিটটি আমলে নিয়ে পরিচালকের ওই আবেদনটি নিষ্পত্তি কেন করা হবে না তা চার সপ্তাহের মধ্যে জানাতে বলেছে।
অপরদিকে, বাদী পক্ষের আইনজীবী শেয়ার কেনার সময়সীমা ৬ মাসের পরিবর্তে যেন ৬ বছর বা আদালত যে সময় দেয় সেই ব্যাপারে আদালতকে অনুরোধ করেন। নুরুল ইসলামের হয়ে রিট আবেদনটি করেন সৈয়দা আফসার জাহান ইলা। এর আগে গত সোমবার উদ্যোক্তা পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারনের বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা এসইসির নির্দেশনার বিরুদ্ধে সব রিট আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত। এর ফলে সোমবারের মধ্যে প্রতিটি কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের ন্যূনতম শেয়ার ধারনের শর্ত বহাল থাকে।
|