|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিন শেষে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচকও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, ডিএসই সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১২ পয়েন্ট কমে ৪,২৮৭ পয়েন্টে দাঁড়ায়।
সূচকের বেশ ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গত বৃহস্পতিবারের চেয়ে ১৫০ পয়েন্ট বাড়ে। আরো বেড়ে ১৫ মিনিটে দাঁড়ায় ১৫৪ পয়েন্ট। একটু কমে আধা ঘণ্টায় বাড়ে ১৩৫ পয়েন্ট। দুই ঘণ্টায় সূচক বাড়ে ৫৪ পয়েন্ট। বেলা পৌনে দুইটার পর থেকে সূচক নিম্নমুখী হয়ে গত বৃহস্পতিবারের চেয়ে কমে যায়। এরপর দিনের শেষ পর্যন্ত সূচক কমতে থাকে।
লেনদেন হওয়া ২৬৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বাড়ে ৮১টির দাম, কমে ১৫৮টির আর অপরিবর্তিত ছিল ২৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
স্টক এক্সচেঞ্জটিতে আজ মোট ১৭৩ কোটি টাকার লেনদেন হয়। যা গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ৫৫ কোটি টাকা বেশি।
দিন শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো সায়হাম কটন মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট, কেয়া কসমেটিকস, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, গ্রামীণফোন, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা, বেক্সিমকো এবং ন্যাশনাল ব্যাংক লিমিটেড।
|