একটি বেনিফিসারি ওনার্স এ্যাকাউন্টের বিপরীতে একসঙ্গে একাধিক প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন করলে জমা দেয়া অর্থের ১৫ শতাংশ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশন (এসইসি)। নিয়ন্ত্রক সংস্থা এসইসি’র আইন অনুসারে একজন বিনিয়োগকারী আইপিওতে ২টির বেশি আবেদন করতে পারবে না। যদি কোন বিনিয়োগকারী তা করে থাকলে তিনি আইন লঙ্ঘনের আওতায় পড়বেন।
জানা গেছে, সম্প্রতি আইপিওতে আসা সায়হাম কটন মিলস্ লিমিটেড ও আমরা টেকনলোজিস লিমিটেডের একাধিক আবেদন জমা পড়ার ঘটনা ঘটেছে। এরই প্রেক্ষিতে কমিশন একাধিক আবেদনের বিপরীতে জমাকৃত অর্থের আংশিক কর্তনের সিদ্ধান্ত নেয়। এসইসি’র গত ৪৩৩তম নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগেও আইপিওতে আসা জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ও পদ্মা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের একাধিক আবেদন জমা পরেছে বলে প্রমাণ পাওয়া যায়। কমিশন সভায় সংশ্লিষ্ট বিষয়ে আরও সিদ্ধান্ত নেয়া হয় যে, অর্থ বাজেয়াপ্ত করার পূর্বে ইস্যুয়ার বিষয়টি পুনর্পরীক্ষা করবে এবং বাজেয়াপ্তকৃত অর্থ কমিশনের কাছে জমা করবে। আর জমাকৃত অর্থের আংশিক বাজেয়াপ্ত করার পর অবশিষ্ট অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীকে ফেরত প্রদান করা হবে।
|