|
মন্দাবস্থা কাটছে না শেয়ারবাজারে, অব্যাহত নিম্নমুখী প্রবণতা এবং অর্থমন্ত্রীর বির্তকিত বক্তব্য নিয়ে আবার উত্তাল মতিঝিল। সপ্তাহের শেষ দিনে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কিছুটা বাড়লেও সাধারণ সূচক কমেছে। একই পরিস্থিতি বিরাজ করছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও। সেখানে সূচকের নেতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
বাজারের নিম্নমুখী প্রবণতায় আবারও রাস্তায় নেমেছে বিনিয়োগকারীরা, বিক্ষোভ সমাবেশ করছে। বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রতি আহ্বান ছাড়াও অর্থমন্ত্রী, পুঁজিবাজারসংশ্লিষ্টদের সমালোচনা করছেন তাঁরা। বিনিয়োগকারীরা দুপুর দেড়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত কর্মসূচী পালন করে। সমাবেশ থেকে ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ পরিচালকদের দ্রুত অপসারণের দাবি জানান। এছাড়া নতুন অর্থবছরের প্রণোদনা প্যাকেজ অবিলম্বে রাস্তবায়নের দাবি জানান তাঁরা।
পুঁজিবাজারসংশ্লিষ্টরা বলছেন, আস্থাহীনতাই এই মুহূর্তে পুঁজিবাজারে বড় সঙ্কট। কোনভাবেই বিনিয়োগকারীদের আস্থা ফেরানো যাচ্ছে না। তাই বড় ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে নতুন শেয়ার কিনতে ভয় পাচ্ছেন। এছাড়া ব্যাংক ও বড় বিনিয়োগকারীদের মাঝে পরিচালকদের রিট সংক্রান্ত কিছুটা নেতিবাচক মনোভাবও কাজ করছে। যার কারণে অনেকের হাতে শেয়ার কেনার মতো টাকা থাকলেও তারা ঝুঁকি নিতে চাচ্ছেন না।
|