পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি তার শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি দুটি হলো- বিডি সার্ভিস এবং মেঘনা লাইফ ইন্স্যুরেন্স। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিডি সার্ভিসের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড (শেয়ার লভ্যাংশ) দেয়ার সুপারিশ করেছে। এই সুপারিশ চুড়ান্ত করতে আগামী ১৮ জুলাই সন্ধ্যা ছয়টায় রূপসী বাংলা হোটেলে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহবান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ জুন।
প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, সমাপ্ত অর্থ বছরে তাদের শেয়ারপ্রতি আয় হয়েছে তিন টাকা ৯৭ পয়সা এবং শেয়ারপ্রতি নেট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ২৬ পয়সা।
অপরদিকে ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনাপূর্বক মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। এই সুপারিশ চুড়ান্ত করতে আগামী ২৮ আগস্ট সকাল ১০টায় মুক্তিযোদ্ধা স্মৃতি মিলনায়তন, ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ভবন, কাকরাইলে এজিএম আহবান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৫ জুলাই।
|