|
শেয়ারবাজারকে আবারো ‘দুষ্টু বাজার’ বলে দুষ্টু বাজারের জন্য কিছু ওষুধও আছে বলে মন্তব্য করলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সচিবালয়ে জাহাজ মালিক সমিতি ও সুপার মার্কেট মালিক সমিতির সঙ্গে পৃথক বৈঠকের পর সাংবাদিকদের কাছে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, “দেশের পুরো বিনিয়োগের মধ্যে শেয়ারবাজারের অংশগ্রহণ এক শতাংশ। মার্কেট যথাযথভাবে কাজ করছে না। আই অ্যাম একদম ফেডআপ।”
সোমবার সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী বলেন, “শেয়ারবাজার সম্পর্কে আমি কোনো বক্তব্য রাখি না। এই শেয়ারবাজার দুষ্টু শেয়ার বাজার।” অর্থমন্ত্রীর এ মন্তব্যের সমালোচনা করে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
এ নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, “পুরো বাজারটাই দুষ্টু, অনেকে এ বাজারে নিঃস্ব হয়ে গেছে, তবুও বাজার ছাড়ছে না। কিছু লোক দুষ্টু নয়, সবাই দুষ্টু।”
দুষ্টু বাজার ঠিক করার দায়িত্ব সরকারের কি না-এমন প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, “বাজারের জন্য কিছু ওষুধ আছে। সেটা পরে দেখা যাবে।”
এদিকে অর্থমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিনিয়োগকারিরা।
|