 |
বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প, তথ্য-প্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো ও ফ্যাশনওয়্যার শিল্পখাতে বিনিয়োগে আগ্রহী জাপানের উদ্যোক্তারা। পাশাপাশি তারা কয়লাভিত্তিক শিল্পায়ন, ইলেক্ট্রনিক্স, এলপিজি, অটোমোবাইলসহ অন্যান্য সম্ভাবনাময় খাতে বিনিয়োগে এগিয়ে আসবে। এর মাধ্যমে বাংলাদেশ অল্প সময়ের ব্যবধানে মধ্যম আয়ের দেশে পরিণত হতে পারে।
জাপান-বাংলাদেশ জয়েন্ট কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনোমিক কো-অপারেশন (জেবিসিসিইসি)-এর বাংলাদেশ সফররত প্রতিনিধিদলের সদস্যরা বৃহস্পতিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে এ আগ্রহের কথা জানান।
শিল্পমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জেবিসিসিইসির চেয়ারম্যান ইয়োসিও আকামাতসু, ব্যবস্থাপনা নির্বাহী কর্মকর্তা জানিচি সাসাকি , মহাব্যবস্থাপক আকিরা অনো, সংস্থার ঢাকা লিয়াজোঁ অফিসের মহাব্যবস্থাপক টাকুইয়া সুজুকি, পরিকল্পনা ও সমন্বয় বিভাগের ব্যবস্থাপক সফিকুর রহমান এবং শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা বলেন, বিনিয়োগ সম্ভাবনা বিবেচনা করে জাপানি উদ্যোক্তারা বাংলাদেশে শিল্পকারখানা স্থানান্তরে আগ্রহী। বাংলাদেশের বিশাল যুবগোষ্ঠী এদেশের আর্থ সামাজিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় সম্পদ।
তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের চলমান ধারা অব্যাহত রাখতে যুবগোষ্ঠীকে শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদে পরিণত করার পরামর্শ দেন। এক্ষেত্রে জাপানি প্রযুক্তি ও প্রশিক্ষণ তাদের জন্য ফলপ্রসূ হবে বলে তারা মন্তব্য করেন।
এ সময় তারা বাংলাদেশের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে অগ্রাধিকারভিত্তিতে বিনিয়োগে এগিয়ে আসবেন বলে উল্লেখ করেন।
শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর শিল্পায়নে মহাজোট সরকার কাজ করে যাচ্ছে। সরকারের বিনিয়োগবান্ধব নীতির কারণে বিশ্বমন্দার মাঝেও বাংলাদেশ শতকরা ৬ ভাগের ওপরে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন অব্যাহত রেখেছে।
চলতি অর্থবছরে শতকরা সাড়ে ৬ ভাগ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
দিলীপ বড়ুয়া বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। জাপানের সহায়তায় বাংলাদেশ ইতোমধ্যে পাজেরো স্পোর্টস্ জিপ, হোন্ডা মোটরসাইকেলসহ বেশকিছু গুণগতমানের শিল্পপণ্য উৎপাদন করেছে। বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি এদেশের হালকা প্রকৌশল, প্লাস্টিক, অটোমোবাইল, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জাহাজ ভাঙা, সোলার ও বায়ুনির্ভর বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগে এগিয়ে আসতে জাপানি উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।
|