|
সৌদি আরব বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও সেবা খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। সফররত সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল বিন আবদুল আজিজ রবিবার এখানে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী বাংলাদেশে অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, পর্যটন ও সেবা খাতে সৌদি বিনিয়োগ প্রত্যাশা করে বলেন, সরকারী পর্যায়ে, সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কিংবা যৌথ উদ্যোগে এই বিনিয়োগ করা যেতে পারে।
শেখ হাসিনা সৌদি আরবকে সেদেশের নতুন নতুন প্রকল্পে বাংলাদেশ থেকে অধিক সংখ্যক চিকিৎসক, প্রকৌশলী, প্যারামেডিকস, নার্স, আইটি বিশেষজ্ঞ, এ্যাকাউন্টেন্ট এবং দক্ষ ও আধাদক্ষ শ্রমিক নিয়োগের অনুরোধ জানান।
প্রধানমন্ত্রী সৌদি প্রিন্সকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশী শ্রমিক নিয়োগ করায় সৌদি আরবকে ধন্যবাদ জানান। তিনি অবশ্য কয়েক শ্রেণীর শ্রমিক নিয়োগের ওপর থেকে বিধি-নিষেধ অপসারণের ওপর জোর দেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশী শ্রমিকরা অনুগত, ধার্মিক, সুশৃংখল, কঠোর পরিশ্রমী এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রধানমন্ত্রী শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা বেষ্টনির ক্ষেত্রে তাঁর সরকারের অভূতপূর্ব সাফল্যের কথা তুলে ধরে বলেন, বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট বেগবান।
শেখ হাসিনা বিনিয়োগ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য সৌদি প্রিন্সকে অভিনন্দন জানান। সৌদি প্রিন্স বাংলাদেশের শক্তিশালী অর্থনীতির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও এই দেশ সঠিক পথে এগিয়ে যাচ্ছে।
পরে প্রধানমন্ত্রী সৌদি প্রিন্সকে ‘বাংলাদেশ মৈত্রী পদক’ প্রদান করেন।
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, এ্যাম্বাসেডর এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ উজজামান, পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, প্রেস সচিব আবুল কালাম আজাদ ও সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন।
|