|
রমজানের প্রস্তুতি নিতে টিসিবিকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি প্রধানমন্ত্রী রাষ্ট্রায়ত্ত এ প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে এ নির্দেশ প্রদান করেন। প্রধানমন্ত্রীর নির্দেশে টিসিবি থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে। রমজানের চাহিদা অনুযায়ী পণ্য ক্রয় করছে।
এ পর্যন্ত ৩ হাজার মেট্রিক টন মসুর ডাল ও ২৫ হাজার টন চিনি আমদানির জন্য চুক্তি স্বাক্ষর হয়েছে। মজুদ করা হয়েছে ৮০ লাখ লিটার ভোজ্যতেল। এক হাজার টন ছোলা কেনার প্রক্রিয়া চলছে।
রোজায় ভোজ্যতেলের চাহিদা প্রায় সোয়া লাখ থেকে দেড় লাখ মেট্রিক টন, চিনি প্রায় সোয়া লাখ টন। অন্যান্য স্বাভাবিক চাহিদার তুলনায় ছোলা ও খেজুরের চাহিদা কয়েকগুণ বৃদ্ধি পায়। ওই তুলনায় টিসিবির প্রস্ততি কম হলে বাজারে এর বিরূপ প্রভাব পড়ে। এ জন্য প্রতি বছর টিসিবি রোজায় কিছু পণ্য নিয়ে মাঠে সক্রিয় থাকে। যাতে অসাধু ব্যবসায়ীরা একচেটিয়া বাজার জিম্মি করতে না পারে।
আগামী ২২ জুলাই রোজা শুরু হচ্ছে। ওই হিসাবে বাকি আছে প্রায় দুই মাস। ইতোমধ্যে ব্যবসায়ীরা রমজানের পণ্য আমদানি শুরু করেছেন। সরকারীভাবে টিসিবিও আমদানি প্রক্রিয়ায় সংযুক্ত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ও একটু নড়েচড়ে বসছে। রমজান আসলে একশ্রেণীর ব্যবসায়ী অতিমুনাফার লোভে বাজার বেসামাল করে তুলে। এক্ষেত্রে টিসিবি একটি বড় ভূমিকা রাখার ক্ষেত্রে প্রতি বছর প্রস্তুতি নেয়। তবে ব্যবসায়ীদের তুলনায় এ প্রস্তুতি খুবই স্বল্প। যেকারণে অনেক ক্ষেত্রে টিসিবি সফল হতে পারে না। এছাড়া টিসিবি যাতে রোজার পণ্য আমদানি করতে না পারে একশ্রেণীর ব্যবসায়ী তা বানচাল করতে সক্রিয় থাকে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রমজান সামনে রেখে প্রধানমন্ত্রী টিসিবির কর্তৃপক্ষকে সাফ জানিয়ে দিয়েছে টাকার জন্য টিসিবি যেন আটকে না থাকে। ওই আশ্বাস মাথায় নিয়ে টিসিবি কাজ করছে।
এ প্রসঙ্গে টিসিবির উর্ধতন কর্মকর্তা বলেন, ব্যবসায়ী সিন্ডিকেট ও অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে এ বছর বিশেষ কৌশল অবলম্বন করা হয়েছে। চিনি আমদানির ক্ষেত্রে এই প্রথম বিশ্বের সবচেয়ে বড় রিফাইনারি গ্রুপ লন্ডনের ইড এ্যান্ড এফ ম্যান কোম্পানি দরপত্রে অংশ নিয়েছে। ওই প্রতিষ্ঠান প্রতি মেট্রিক টন ৬৪৫ মার্কিন ডলারে চিনি সরবরাহ করবে। একইভাবে বিশ্বের বড় কোম্পানি রিবেলসা গ্রুপ তিন হাজার মেট্রিক টন মসুর ডাল সরবরাহ করবে। ওই হিসাবে প্রতি টনের দাম হচ্ছে ৭২.০৬ টাকা।
এদিকে মিয়ানমার বাংলাদেশের জন্য নতুন দুয়ার খুলেছে। সেখান থেকে এক হাজার টন ছোলা আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। ২৩ মে বুধবার দরপত্র আহ্বান করা হয়েছে।
|