শেয়ার হস্তান্তরে অস্বাভাবিক কর্মকান্ডের অভিযোগে এ্যাপেক্স ট্যানারির বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। রবিবার এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।
জানা গেছে, এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের শেয়ার হস্তান্তরের অস্বাভাবিকতার বিষয়টি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পর্যবেক্ষণ করে। ডিএসইর পক্ষ থেকে এটি এসইসিকে জানালে বিষয়টি খতিয়ে দেখতে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। গঠিত এই কমিটিকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এসইসিতে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- ডিএসইর ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ যোবায়ের ও ডিএসইর সিনিয়র এক্সিকিউটিভ মোঃ আরিফুর রহমান চৌধুরী। সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ২১ ধারা ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ১৭ক ধারা এবং ১৯৯৯ সালের ডিপোজিটরি আইনের ১৩ ধারা অনুযায়ী এই তদন্ত কমিটি গঠন করা হয় বলে এসইসি সূত্রে জানা গেছে।
|