|
বিশ্বখ্যাত ইন্টারনেট সার্চ ইঞ্জিন এবার উদ্ভাবন করছে চালকবিহীন গাড়ি। আক্ষরিক অর্থেই তাই। ব্যতিক্রমী এ গাড়িতে রয়েছে ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর এবং লেজার রেঞ্জ ফাইন্ডার। এসব ব্যবহার করে রাস্তায় থাকা অন্যান্য গাড়ি এবং বস্তুর অবস্থান শনাক্ত করবে চালকবিহীন গাড়িটি। গাড়িটি এখন পরীক্ষা নিরীক্ষার শেষ পর্যায়ে রয়েছে। গাড়ি চালানোর জন্য চালকের প্রয়োজন নেই। রাস্তায় অন্য গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে নিশ্চিন্তে। এই প্রযুক্তি গুগলের।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্য গুগলকে এই গাড়ির লাইসেন্সও দিয়ে দিয়েছে। লাইসেন্স পাওয়ার পর গুগল প্রথম যে চালকবিহীন গাড়িটি রাস্তায় নামাচ্ছে সেটি টয়োটা কোম্পানির। গাড়িতে চালকবিহীন প্রযুক্তি যোগ করছে গুগল। আরও অনেক গাড়ি কোম্পানি অবশ্য নেভাদায় চালকবিহীন গাড়ির লাইসেন্স পেতে আবেদন জানিয়েছে। গুগলের ইঞ্জিনিয়াররা ইতোমধ্যে ক্যালিফোর্নিয়ার রাস্তায় এই গাড়ি পরীক্ষা করেছে। তখন অবশ্য গাড়ির মধ্যে একজন অভিজ্ঞ চালক ছিলেন। বাড়তি সতর্কতা হিসেবে তাঁকে রাখা হয়েছিল। বিশেষ করে কোন কারণে সফটওয়্যার যদি কাজ না করে, তাহলে যেন চালক গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন। তবে আশার কথা হচ্ছে, গাড়িটি চালানোর সময় কোন ধরনের বড় জটিলতা ধরা পড়েনি। গুগলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলেছেন, কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই চালকবিহীন গাড়িটি এক লাখ চল্লিশ হাজার মাইল পাড়ি দিয়েছে। এই চলার পথে শুধুমাত্র একবার ট্রাফিক সিগন্যালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়েছিল চালকবিহীন গাড়িটিকে।
|