পাঁচ প্রতিষ্ঠানের পাঁচজন উদ্যোক্তা পরিচালক নিজ নিজ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পানিগুলো হলো- গ্লোবাল ইন্স্যুরেন্স, ইউনাইটেড এয়ার, মিউচ্যুয়াল ফান্ড, আল আরাফাহ ইসলামী ব্যাংক এবং বিডিথাই। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালক মাহবুব মোরশেদ তালুকদার এক লাখ ৭৪ হাজার, বিডি থাই কোম্পানির উদ্যোক্তা পরিচালক শাবানা মালেক চার লাখ ১০ হাজার, ইউনাইটেড এয়ারের উদ্যোক্তা পরিচালক খন্দকার তাসলিমা চৌধুরী সাত লাখ ২০ হাজার, মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালক মো. ওয়াকিল উদ্দিন দুই লাখ ২৫ হাজার এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আলহাজ আব্দুল মোকতাদির ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। তারা আগামী ২১ মে তারিখের মধ্যে উল্লেখিত সংখ্যক শেয়ার কেনা শেষ করবেন।
ওয়েবসাইটে আরো জানানো হয়েছে, বর্তমানে গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে দুই লাখ ৪০ হাজার, বিডিথাই কোম্পানির উদ্যোক্তা পরিচালকের কাছে চার লাখ ১২ হাজার, ইউনাইটেড এয়ারের উদ্যোক্তা পরিচালকের কাছে ১৪ লাখ ৩০ হাজার, মিউচ্যুয়াল ফান্ডের উদ্যোক্তা পরিচালকের কাছে ৪৫ লাখ ৯১ হাজার ৬৪০টি এবং আল আরাফাহ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা পরিচালকের কাছে ৫৬ লাখ ১৬ হাজার ৯৫৮টি শেয়ার রয়েছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) এক নির্দেশনায় বলা হয়, কোম্পানির উদ্যোক্তা, পরিচালকদের সম্মিলিতভাবে ওই কোম্পানির পরিশোধিত মূলধনের ৩০ শতাংশ শেয়ার থাকতে হবে।
এছাড়া পরিচালকদের আলাদাভাবে ন্যূনতম দুই শতাংশ শেয়ার না থাকলে তিনি পরিচালক পদ হারাবেন এবং সাধারণ শেয়ারহোল্ডারদের যাদের কাছে পাঁচ শতাংশ শেয়ার আছে তিনি পরবর্তী বার্ষিক সভায় পরিচালক মনোনীত হবে।
|