বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) সোমবার ক্লাস শুরু হয়েছে। শিক্ষক সমিতির লাগাতার ক্লাস বর্জন কর্মসূচিতে একমাস বন্ধ থাকার পর শিক্ষা কার্যক্রম শুরু হলো।
এক মাস কার্যত অচল থাকার পর বুয়েটের শিক্ষকরা কর্মবিরতি প্রত্যাহার করে ক্লাস শুরু করায় আবারো সরব হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস। প্রথম সেমিস্টারের শিক্ষার্থীরা তাদের প্রথম ক্লাসে হাজির হতে পেরে আনন্দিত।
ছাত্র-শিক্ষদের আন্দোলনের জন্য ক্লাস যেন আর বন্ধ না হয় সেজন্য আশা ব্যক্ত করেছেন অভিভাবকরা।
এদিকে, প্রশাসনিক অনিয়মের অভিযোগ তদন্তে গঠিত কমিটির একজন সদস্যকে নিয়ে আপত্তি করেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল ইসলাম।
শিক্ষকরা ক্লাস নিতে শুরু করায় তাদের স্বাগত জানালেও তদন্ত কমিটিতে কোনো পরিবর্তন সম্ভব নয় বলে জানিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম।
উল্লেখ্য, উপাচার্য ও উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে গত ৭ এপ্রিল থেকে কর্মবিরতি শুরু করেন বুয়েটের শিক্ষকরা। প্রধানমন্ত্রীর আশ্বাসে গত ৪ মে কর্মসূচি স্থগিত করে ক্লাসে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা।
প্রসঙ্গত, ১৯৬২ সালে বুয়েট প্রতিষ্ঠার পর এটা শিক্ষকদের দ্বিতীয় লাগাতার ধর্মঘট। এর ৪ মাস আগে চাকরির বয়স বৃদ্ধির দাবিতে ধর্মঘট ডেকেছিলেন শিক্ষক নেতারা।
|