|
গুজবভিত্তিক বিনিয়োগনির্ভরতা কমাতে ‘হেল্প ডেস্ক’ বা তথ্য কেন্দ্র গঠনের উদ্যোগ নিয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এর আগে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের (এসইসি) পরামর্শ নেবে ডিএসই। হেল্প ডেস্ক কিভাবে গঠন করা হবে এবং এর গঠনতন্ত্র কেমন হবে তা নিয়ে শীঘ্রই এসইসির সঙ্গে আবারও বৈঠক করবে ডিএসই।
এ বিষয়ে ডিএসই’র জ্যেষ্ঠ সহ-সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, গত বুধবার ডিএসইর বোর্ড সভায় গুজবের বিষয়টি মাথায় রেখে একটি হেল্প ডেস্ক গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২৯ এপ্রিল এসইসি’র সঙ্গে বৈঠকেও এটি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। তিনি আরও বলেন, ডিএসই মনে করে বাজার ও বিনিয়োগকারীদের স্বার্থে দ্রুত এটি গঠন করা হোক। এটির গঠন ও গঠনতন্ত্র নিয়ে শীঘ্রই এসইসির পরামর্শও নেয়া হবে বলে তিনি জানিয়ে দেন। তাঁদের পরামর্শেই আমরা এটি গঠন করব। এই বিষয়ে দ্রুত এসইসির কাছে চিঠিও পাঠানো হবে।
|