 |
বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে পারস্পরিক মতভেদ দূর করতে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। এছাড়া সন্ত্রাস দমন, দুর্যোগ মোকাবেলা এবং সামরিকখাতে বাংলাদেশের প্রশংসা করে একসঙ্গে এক্ষেত্রে কাজ করারও আগ্রহ প্রকাশ করেন তিনি। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি কক্ষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
হিলারি বলেন, সন্ত্রাসবাদ নিমূল, নিরাপত্তা, বিনিয়োগ এবং বাণিজ্য প্রসারে এশিয়ায় নতুন অংশীদারিত্বের সূচনা করতে চায় যুক্তরাষ্ট্র।
বৈঠকে ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দীপু মনি।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন: পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, স্বরাষ্ট্র সচিব সিকিউকে মোসতাক আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব এম. আসলাম আলম, জ্বালানি সচিব মো. মেসবাহউদ্দিন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অমিতাভ চক্রবর্তী, অথনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব আরাস্তু খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক পবন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (আমেরিকা) মুহাম্মদ আবদুল মুহিত এবং সশস্ত্র বাহিনী বিভাগের একজন প্রতিনিধি।
এছাড়া হিলারির নেতৃত্বে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ছিলেন। পররাষ্ট্র দপ্তরের সহকারী মন্ত্রী রবার্ট ব্লেক, ঢাকায় ওয়াশিংটনের রাষ্ট্রদূত ড্যান মজিনা, দূতাবাসের রাজনৈতিক, অর্থনৈতিক কর্মকর্তা পুষ্পিন্দর ধিলন প্রমুখ।
এর আগে বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ২ দিনের সফরে ঢাকায় পৌঁছান। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচা শুভেচ্ছা জানান।
কর্মসূচি অনুযায়ী, রাতে দীপু মনির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, সংবাদ সম্মেলন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন হিলারি ক্লিনটন।
পরে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় সৌজন্য সাক্ষাৎ করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
সফরের দ্বিতীয় দিন ৬ মে সকালে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার বাসভবনে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও ব্র্যাকের চেয়ারপারসন ফজলে হাসান আবেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর।
এরপর হিলারি ক্লিনটন ঢাকায় মার্কিন দূতাবাসে গিয়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এসব আনুষ্ঠানিকতা শেষ করে রোববার দুপুর ১২টার পর কলকাতার উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন তিনি।
|